দীর্ঘ নয় বছরের পথচলা শেষে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই ধারাবাহিকের সঙ্গে নিজের জীবনের বড় একটি সময় জড়িয়ে আছে বলে জানিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। শুটিং শেষের মুহূর্তে পুরোনো দিনের স্মৃতি মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটিতে কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পলাশ। পোস্টে তিনি লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা শুরুর সময় এটি ছিল কেবল নতুন একটি গল্প। সময়ের সঙ্গে বদলেছে চারপাশ, বড় হয়েছে ধারাবাহিকটি, একই সঙ্গে বড় হয়েছেন তিনিও। কখন যে নাটকটি নিজের জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতে পারেননি।
পলাশ আরও লিখেছেন, এই দীর্ঘ যাত্রায় জমেছে অসংখ্য সকাল-রাত, আনন্দ, অভিমান ও প্রিয় মানুষের স্মৃতি। শুটিং শেষ হলেও পরিচিত রাস্তা, গাছতলা আর সহকর্মীদের হাসির স্মৃতি থেকে যাবে। তাঁর ভাষায়, গল্পের সমাপ্তি হয়েছে ঠিকই, কিন্তু যে ছেলেটি একদিন ওই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল, সে আজও সেখানেই রয়ে গেছে।