বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছে দক্ষিণী তারকা জুটি বিজয় দেভারকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রণবালী’ (Ranabaali)। মুক্তির চার সপ্তাহের থিয়েট্রিক্যাল উইন্ডো শেষ করে আগামী ১৩ নভেম্বর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। ১২০ কোটি রুপি বাজেটের এই ছবিটি ভারতে মাত্র ৫৮ কোটি এবং বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি রুপি আয় করে বক্স অফিস যাত্রা শেষ করে। বিয়ের পর এটিই ছিল বিজয় দেভারকোন্ডা ও রাশমিকা মান্দানা-র প্রথম যৌথ প্রজেক্ট। ১৯ শতকের পটভূমিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক বিদ্রোহী যোদ্ধার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় নেটফ্লিক্স-এ স্ট্রিম করা হবে।