পাঁচ সিজনের দীর্ঘ যাত্রা শেষে শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ খবরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তাঁর কথায়, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না, কারণ শুটিংয়ে গেলেই মনে হচ্ছে প্রিয় কাজটির সমাপ্তি ঘনিয়ে আসবে।
দর্শকদের ভালোবাসায় একের পর এক সিজন পেরিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। বর্তমানে প্রচারিত হচ্ছে পঞ্চম সিজন। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই সিজনটি শেষ হওয়ার খবর জানালেন নির্মাতা।
নিজের অনুভূতি প্রকাশ করে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁর কাছে শুধু একটি ধারাবাহিক নয়, জীবনের বড় একটি অংশ। এমনকি তিনি এই ধারাবাহিকের মধ্যেই বাস করেন বলেও মন্তব্য করেন। তবে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানাননি তিনি।
ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। আরও রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।