দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন সিনেমা ‘পসিবল লাভ’ (Possible Love) মুক্তির পরই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘ তিন ঘণ্টার ধীরগতির সিনেমা হওয়া সত্ত্বেও মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এটি দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে।
গত শুক্রবার বিকেলে নেটফ্লিক্স-এ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে দারুণ প্রশংসিত হচ্ছে ছবিটি। এর আগে ২০২৩ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’-এর সঙ্গে ছবিটির একটি যোগসূত্র রয়েছে, যেখানে জিওন দো-ইয়ন ও সুল কিয়ং-গুও জুটি বেঁধেছিলেন। ‘পসিবল লাভ’ সিনেমায় ভিন্ন সামাজিক শ্রেণির দুটি দম্পতির জীবন এবং একটি তথ্যচিত্র নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর থেকেই সমালোকদের প্রশংসা কুড়ানো এই সিনেমাটি অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়নও অর্জন করেছে।