বিয়ের সাজে লাল লেহেঙ্গা, গায়ে জড়ানো গহনা তবে মুখে মিষ্টি হাসির বদলে চোখে মুখে তীব্র ভাব আর হাতে আস্ত একটি পিস্তল! জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ-এর এমন একটি লুক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পরই শুরু হয়েছে তুমুল জল্পনা। শুধু ফারিণ একা নন, তাঁর চারিপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ। হঠাৎ করে কেন এমন রূপ ধারণ করলেন এই অভিনেত্রী?
ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’-র আনুষ্ঠানিক ঘোষণা দিতেই প্রকাশ্যে এসেছে এই লুকগুলো। ইমরাউল রাফাতের পরিচালনায় নির্মিত এই সিরিজে ফারিণের চরিত্রের নাম ‘ক্যামেলিয়া’। ভিন্নধর্মী গল্পের এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ফারিণ জানান, এটি প্রচলিত কোনো থ্রিলার নয়, বরং একটি ডার্ক কমেডি। নামের মতোই তাঁর চরিত্রটিতেও রয়েছে নানা অন্ধকার দিক এবং বেশ কিছু ব্যতিক্রমী স্তর। দীর্ঘ বিরতির পর ওটিটিতে ফেরা এই অভিনেত্রীর পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল, পার্থ শেখ, শরাফ আহমেদ জীবন ও সাইদুর রহমান পাভেলের মতো তারকারা। নির্মাতা ও প্ল্যাটফর্মের প্রত্যাশা, ছকভাঙা এই ডার্ক কমেডি সিরিজটি দর্শকদের সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা উপহার দেবে।