লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকায় হঠাৎই নিরাপত্তা নিয়ে অস্বস্তির আবহ। গুরুতর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হাইড পার্ক সংলগ্ন ওয়ান হাইড পার্ক ভবনে টম ক্রুজের একটি পেন্টহাউস ছিল। বর্তমানে যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫৯২ কোটি টাকা।

‘মিশন: ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে ওই ভবনে বসবাস করলেও সম্প্রতি ঘটে যাওয়া একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর তিনি লন্ডনে নিজেকে আর নিরাপদ মনে করছেন না। ফলে আপাতত যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টম ক্রুজের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ওই অ্যাপার্টমেন্ট ভবনের নিচতলায় অবস্থিত ‘বুশেরার’ নামের একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সশস্ত্র হামলা চালায় ছয়জন ডাকাত। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে দোকানে ঢুকে বিপুল পরিমাণ রোলেক্স ঘড়ি লুট করে নিয়ে যায়। এই ঘটনাই অভিনেতার উদ্বেগ বাড়িয়ে দেয়।

সূত্রটি আরও জানায়, এই হামলা প্রমাণ করে যে অত্যন্ত দামি এলাকা হওয়া সত্ত্বেও নাইটসব্রিজের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল। বিষয়টি টম ক্রুজের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

নাইটসব্রিজে থাকার সময় টম ক্রুজ তুলনামূলক নিভৃত জীবনযাপন করতেন। ভোরবেলা স্থানীয় রাস্তায় তাকে দৌড়াতে দেখা যেত। তবে ডাকাতির ঘটনার পর দ্রুতই তিনি নিজের আসবাবপত্র সরিয়ে ফেলেন। ভবনের কর্মীদের ভাষ্য, খুব অল্প সময়ের মধ্যেই পেন্টহাউসটি পুরোপুরি খালি করা হয়।

লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল এলাকাগুলোর একটি নাইটসব্রিজে সাম্প্রতিক সময়ে অপরাধপ্রবণতা বাড়ছে বলে অভিযোগ উঠছে। টম ক্রুজের মতো একজন আন্তর্জাতিক তারকার এলাকা ছাড়ার ঘটনা সেই নিরাপত্তা উদ্বেগকে আরও জোরালো করে তুলেছে।