বলিউড অভিনেতা শহীদ কাপুর বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘ও রোমিও’–এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মন্তব্য করেন।
শহীদ বলেন, সাজানো বা কৃত্রিম মার্কেটিং বা পিআর তিনি একেবারেই পছন্দ করেন না। তাঁর মতে, দর্শকের মন থেকে আসা হাততালি কিংবা প্রশংসাই একজন শিল্পীর প্রকৃত অর্জন। কিন্তু আজকের দিনে সিনেমার প্রচারে অতিরিক্ত কৃত্রিমতা ঢুকে পড়ায় শিল্পের আসল আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান দর্শকদের ধৈর্য আগের তুলনায় কমে গেছে এবং তারা খুব দ্রুত বিনোদন প্রত্যাশা করে। তবে এই সমস্যার দায় শুধু দর্শকদের ওপর চাপাতে নারাজ শহীদ। তাঁর কথায়, মানুষ সিনেমা দেখতে আগ্রহ হারায়নি, বরং নির্মাতারাই দর্শকদের জন্য পর্যাপ্ত ভালো সিনেমা দিতে পারছেন না।
বিশাল ভরদ্বাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ও রোমিও’ নির্মিত হয়েছে হোসেন জাইদির আলোচিত বই মাফিয়া কুইন্স অব মুম্বাই অবলম্বনে। ছবিতে শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি ডিম্রি, নানা পাটেকর, তামান্না ভাটিয়া ও বিক্রান্ত ম্যাসি। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।