শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না, এমন প্রশ্নে সিয়াম জানালেন, তিনি কাউকেই প্রতিযোগী হিসেবে দেখেন না। তার ভাষায়, শাকিব খান টানা ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আর সেই চেষ্টাও তিনি করেন না। নিজের কাজ ঠিকভাবে করে যাওয়াই তার মূল লক্ষ্য।
ঈদে শাকিব খানের ছবির পাশাপাশি নিজের সিনেমা মুক্তি পাওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ঈদ দেশের সবচেয়ে বড় উৎসব, আর এই সময়েই সবার সেরা কাজগুলো দর্শকের সামনে আসে। শাকিব খানের সঙ্গে একই সময়ে তার সিনেমাও প্রেক্ষাগৃহে জায়গা পাচ্ছে, বিষয়টি তার কাছে আনন্দের। প্রতিদ্বন্দ্বিতা কারও সঙ্গে নয়, নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করছে এবং আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারছেন, সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ।
এদিকে ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে দেখা যাবে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। সিনেমাটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ যা দেশের মূলধারার সিনেমায় তুলনামূলকভাবে কম দেখা যায়।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকায় ফিরবে এবং বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শেষ করার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি সমানতালে চলছে সিনেমার সম্পাদনার কাজও।
রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত ‘রাক্ষস’ আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।