জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান তাঁর শক্তিশালী কণ্ঠের পাশাপাশি এবার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। গত ২৫ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত একটি লাইভ কনসার্টকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। লাল রঙের ফ্রিল দেওয়া একটি বোল্ড নেট পোশাকে মঞ্চে পারফর্ম করেন সুনিধি, যার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ তাঁকে তীব্র কটাক্ষ করতে শুরু করেন।

ভাইরাল হওয়া ভিডিওর নিচে অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন গায়িকার পোশাকের ধরণ নিয়ে। কেউ কেউ মন্তব্য করেছেন, “এ কেমন পোশাক?”, আবার কারও প্রশ্ন- তিনি কি প্যান্ট ছাড়াই মঞ্চে উঠেছেন? এমনকি তাঁর উপার্জনকে জড়িয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে ছাড়েননি অনেক ট্রলার। তবে এই বিতর্কের মাঝে সুনিধি পাশে পেয়েছেন তাঁর অগণিত ভক্তকে। অনুরাগীদের দাবি, বিষয়টি আসলে একটি ভুল বোঝাবুঝি। সুনিধি মূলত স্কিন-টোনড স্টকিং পরেছিলেন, যা ক্যামেরার অ্যাঙ্গেল বা আলোর কারণে অনেকে খালি পা ভেবে ভুল করেছেন।

বিতর্ক ছাপিয়ে ওই রাতে সুনিধির পেশাদারিত্ব ছিল চোখে পড়ার মতো। কনসার্টের মাঝপথে হঠাৎ তাঁর ‘টকব্যাক’ (কানে শোনার যন্ত্র) কাজ করা বন্ধ করে দিলেও তিনি এক মুহূর্তের জন্য পারফরম্যান্স থামাননি। যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও নিজের সুর ও লয় বজায় রেখে গান চালিয়ে যান তিনি, যা উপস্থিত হাজার হাজার দর্শককে মুগ্ধ করেছে। সমালোচকরা পোশাক নিয়ে ব্যস্ত থাকলেও, প্রকৃত সংগীতপ্রেমীরা সুনিধির এই একনিষ্ঠতা ও পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ।