হঠাৎ বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তরুণ সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবীন। গত ২৬ অক্টোবর দেশের বাইরে সম্পন্ন হয়েছে তাঁর আক্দ। তবে বিয়ের খবর প্রকাশ করলেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত গোপন রাখতে চান তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশ করা বিয়ের ছবিতেও ফুল দিয়ে ঢেকে রেখেছেন বরের মুখ। আর তাতেই শুরু হয়েছে ভক্তদের নানা কৌতূহল। মজার ছলে পারশা অনুরোধ করেছেন, বরের পরিচয় জানতে চেয়ে তাঁকে বা তাঁর পরিবারকে যেন কেউ বিব্রত না করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পারশা জানান, ভিসা জটিলতার কারণে তাঁর পরিবারের কেউ আক্দ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে বরের পরিবারের সদস্যরা ছিলেন। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাঁদের পরিচয় হয়। পরে কথাবার্তা থেকে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানালে তাঁরাও সম্মতি দেন।
বরের মুখ আড়াল করার পেছনে বিশেষ একটি বার্তাও রয়েছে বলে জানিয়েছেন পারশা। তাঁর মতে, সমাজে নারীর মুখ পর্দায় ঢেকে রাখাকে যতটা স্বাভাবিকভাবে দেখা হয়, পুরুষের ক্ষেত্রে ততটা নয়। বিয়েটি দুজনের হলেও মুখ ঢাকা নিয়ে মানুষের আগ্রহ যেন শুধু একজনকে ঘিরে। প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি এক দিনের জন্য উল্টে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যক্তিগত ইচ্ছায় কেউ পর্দা করলে আপত্তি নেই, তবে সেই সিদ্ধান্তের স্বাধীনতা অন্য কারও নিয়ন্ত্রণে থাকা উচিত নয় বলেও মনে করেন এই শিল্পী।
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন পারশা। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা ও নিরাপত্তার মধ্যে বড় হওয়ায় জীবনসঙ্গীর কাছেও একই রকম নির্ভরতা চেয়েছেন তিনি। পাশাপাশি মানুষ, পশুপাখি ও প্রকৃতির প্রতি সংবেদনশীল একজন মানুষকে খুঁজেছেন। তাঁর পছন্দ এমন একজন, যার সঙ্গে দর্শন, বিজ্ঞান, শিল্প ও সাহিত্য নিয়ে আলোচনা করা যায়। নিজের স্বাধীনতা ও স্বকীয়তার বিষয়ে পারশার বক্তব্য, ‘আমি কখনো এমন পুরুষ খুঁজিনি, যিনি আমাকে রাজমুকুট পরিয়ে দেবেন। আমি এমন একজনকে খুঁজেছি, যিনি কখনোই আমার মাথা থেকে সেই মুকুট খুলে রাখতে বলবেন না।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবীন। সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন এই জেন-জি শিল্পী। এবার বিয়ের খবর প্রকাশ করলেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত রহস্যেই রাখতে চান তিনি।