ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার বিয়ের গুঞ্জন তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে। সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গিয়ে সঙ্গীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তাঁদের বন্ধনে আবদ্ধ হওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা যায়, কাবার সামনে এক ব্যক্তি নীহাকে জড়িয়ে ধরে আছেন। অন্য ছবিতে দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে দুজনের মুখই আড়ালে থাকায় ওই ব্যক্তির পরিচয় বোঝার উপায় নেই।
পোস্টে নীহা লিখেছেন, এত দিন ব্যক্তিগত রাখতে চাওয়া তাঁদের সুন্দর যাত্রার গল্প এবার সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহ তাঁদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে আসার সুযোগ দিয়েছেন, সে জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। তাঁদের সম্পর্ক যেন সব সময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে, সেই প্রার্থনাও করেছেন অভিনেত্রী।
এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন নীহা। তবে সম্পর্কটি বিয়ে নাকি অন্য কোনো পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করেননি। এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও ছিল। এবার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এ বিষয়ে নিশ্চিত হতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।