বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পারিবারিক অভিনয়-ঐতিহ্যের ধারাবাহিকতায় নিজেও টালিউডে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন। একই দিনে জন্মদিন টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও।

জন্মদিন উপলক্ষে রাইমাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঋতুপর্ণা। আনন্দবাজারে লেখা এক বার্তায় তিনি জানান, একই দিনে জন্ম হওয়ায় দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। দুজনেই মিশুক স্বভাবের এবং সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। ‘অনুরণন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয় বলেও জানান তিনি।

ঋতুপর্ণার ভাষ্য, রাইমার সঙ্গে প্রায়ই আড্ডা হয় এবং তাঁদের সম্পর্কটা অনেকটা পরিবারের মতো। এমনকি মায়ের মৃত্যুর পর প্রথম যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাঁদের মধ্যে রাইমাও ছিলেন। সঙ্গে ছিলেন রাইমার মা মুনমুন সেন।

৪৭ বছর বয়সী রাইমা এখনো বিয়ে করেননি। বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি চান, রাইমার জীবনে দ্রুত একজন মনের মতো মানুষ আসুক। পাশাপাশি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও ভেবেচিন্তে এগোনোর পরামর্শও দিয়েছেন অভিনেত্রী।