আইনি জটিলতা ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনার মধ্যেই নতুন লুকে হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাল বেনারসিতে বধূর সাজে এক ডজনেরও বেশি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে ছয়টি শব্দ ব্যবহার করে নিজের অবস্থানের বার্তা দিয়েছেন অভিনেত্রী।

তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা চলছে। এর মধ্যেই আরেক অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে মারামারির অভিযোগ এবং বিষয়টি মীমাংসায় অনীহার কারণে অভিনয়শিল্পী সংঘ তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে প্রকাশিত ছবিগুলোতে তিশাকে দেখা গেছে জমকালো লাল বেনারসিতে। শাড়িতে সোনালি ও রুপালি জরির কাজের সঙ্গে ছিল নকশাদার ব্লাউজ ও লাল ওড়না। মাথায় টিকলি, ভারী গয়না, ঝুমকা, চোকার এবং খোঁপায় সাদা ফুলে পূর্ণতা পেয়েছে তাঁর সাজ।

ছবির ক্যাপশনে তিশা লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ তাঁর এই পোস্টকে অনেকে চলমান পরিস্থিতিতে নিজের অবস্থান জানানোর বার্তা হিসেবে দেখছেন।

বধূর সাজে অভিনেত্রীকে দেখে ভক্তদের অনেকে প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তাঁকে বাস্তব জীবনেও বিয়ের পরামর্শ দিয়েছেন।

এদিকে সিনেমায়ও ব্যস্ত থাকার কথা ছিল তিশার। শাকিব খানের বিপরীতে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা তাঁর। তবে অধিকাংশ শুটিং শেষ হওয়ার পরও সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।