অপারেশন কক্ষে সার্জারির প্রস্তুতি চলছে। টেবিলে শুয়ে আছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। এমন সময় ব্যথা ও ভয় ভুলে গান গেয়ে উঠলেন তিনি। বিরল এই মুহূর্তের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই শিল্পী।
রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন সোনু। সেখানে তাকে ১৯৪৯ সালের ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢাল চুকি’ গাইতে শোনা যায়। গানটির মূল শিল্পী ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি।
ভিডিওর ক্যাপশনে সোনু লেখেন, ‘আমার অস্ত্রোপচারের সময় প্রিয় ডা. নিলেশ সতভাই ও তার আন্তরিক টিমের জন্য গাইলাম। ব্যথার মধ্যেও গাইছি, এটাই তো সংগীতের আনন্দ!’
সোনুর এমন মুহূর্তে মুগ্ধ হয়েছেন সহকর্মী ও ভক্তরা। গায়িকা শ্রেয়া ঘোষাল তার দ্রুত সুস্থতা কামনা করে সংগীতের প্রতি তার এই নিষ্ঠার প্রশংসা করেছেন। সংগীত পরিচালক বিশাল মিশ্রও সোনুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়া আরও অনেক তারকা ও ভক্ত তার পোস্টে শুভকামনা জানিয়েছেন।
তবে ঠিক কী কারণে সোনু নিগমের অস্ত্রোপচার হয়েছে, তা এখনো জানা যায়নি। এর আগে গত জুনে স্নায়ু-সংক্রান্ত একটি যন্ত্রণাদায়ক শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। সে সময় চিকিৎসার পাশাপাশি একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করানোর কথাও জানিয়েছিলেন এই গায়ক। এবারের অস্ত্রোপচার সেই সমস্যার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।