বিশ্বের অন্যতম বড় ড্যান্স মিউজিক উৎসব ইলেকট্রিক ডেইজি কার্নিভালের (ইডিসি) মূল মঞ্চে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে পারফর্ম করতে যাচ্ছেন পাঞ্জাবি সংগীতশিল্পী গুরু রনধাওয়া। ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে আয়োজিত উৎসবের দ্বিতীয় দিনে দুইবার গ্র্যামি মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী স্টিভ আওকির সঙ্গে মঞ্চ ভাগ করবেন তিনি।
৬ থেকে ৮ নভেম্বর ঐতিহাসিক টিঙ্কার ফিল্ডে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইডিসি। স্টিভ আওকির পরিবেশনার একটি অংশে যোগ দেবেন গুরু। এ সময় তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে পরিবেশন করবেন গুরুর জনপ্রিয় গান ‘সিরা’র রিমিক্স। পাঞ্জাবি পপসংগীতের সঙ্গে ইলেকট্রনিক মিউজিকের মিশেলে তৈরি হয়েছে নতুন সংস্করণটি।
ইডিসির মূল মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগকে বড় সম্মান হিসেবে দেখছেন গুরু। তাঁর মতে, ‘সিরা’র রিমিক্সে দুটি ভিন্ন সংগীতধারার মেলবন্ধন ঘটেছে। অন্যদিকে স্টিভ আওকির ভাষ্য, বিভিন্ন সংস্কৃতির সংগীতকে এক মঞ্চে নিয়ে আসাই ইলেকট্রনিক সংগীতের অন্যতম শক্তি। গুরুকে সঙ্গে পেয়ে তিনিও উচ্ছ্বসিত।
গুরুর ‘Without Prejudice’ অ্যালবামের গান ‘সিরা’ ইতিমধ্যে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সাড়া ফেলেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গানটির স্ট্রিমিং সংখ্যা ৩৫ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে এবং ইউটিউবে এর ভিউ ৫৫ কোটির বেশি। ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি স্টিভ আওকির রিমিক্সও বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
তবে গানটির একটি পঙ্ক্তি নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সেখানে নবজাতককে প্রথম খাবার হিসেবে আফিম দেওয়ার প্রসঙ্গ থাকায় মাদকসংস্কৃতিকে উৎসাহিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে লুধিয়ানার আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে ২০২৬ সালের মার্চে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট গুরুর বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম স্থগিত করেন।
ইডিসির পারফরম্যান্সের পর ১২ ডিসেম্বর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘সিরা এরা লাইভ ইন কনসার্ট’ নিয়ে হাজির হওয়ার কথা রয়েছে গুরুর। তিন বছরের বিরতির পর এই আয়োজনের মাধ্যমে স্টেডিয়াম কনসার্টে ফিরবেন তিনি। একই সঙ্গে উদ্যাপন করবেন সংগীতজগতে নিজের ১৩ বছরের পথচলা।