দক্ষিণ আমেরিকা সফরে পাঁচটি শহরে ১৪টি কনসার্ট করেছে কে-পপ গ্রুপ বিটিএস। ‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে আয়োজিত সব কটি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। এসব আয়োজনে দর্শক ছিলেন ৮ লাখ ৫৩ হাজার। গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর ব্রাজিলের সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিনটি কনসার্টের মধ্য দিয়ে সফর শেষ করে দলটি।
গত ২ অক্টোবর কলম্বিয়ার বোগোতা থেকে শুরু হয়েছিল এই সফর। এরপর পেরুর লিমা, চিলির সান্তিয়াগো ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস ঘুরে ব্রাজিলে যায় বিটিএস। কনসার্টে ‘অ্যারিরাং’ অ্যালবামের গান ছাড়াও ‘ফেক লাভ’, ‘মাইক ড্রপ’, ‘ফায়ার’, ‘বাটার’ ও ‘ডাইনামাইট’-এর মতো জনপ্রিয় গান পরিবেশন করেন সদস্যরা। ব্রাজিলের ফুটবল জার্সি পরে মঞ্চে ওঠা এবং জিন ও আরএমের মাথায় দেশটির আদিবাসীদের ঐতিহ্যবাহী পালকের মুকুট ছিল বিশেষ আকর্ষণ।
সাও পাওলোর শেষ কনসার্টে দক্ষিণ আমেরিকার দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান জে-হোপ। ভবিষ্যতে আবার এই অঞ্চলে ফেরার আশাও প্রকাশ করেন তিনি। জিমিনও উইভার্সে সরাসরি সম্প্রচারে জানান, দক্ষিণ আমেরিকা সফর তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং আবারও সেখানে ফিরতে চান তাঁরা।
এবারের সফরটি ছিল বিটিএসের জন্য বিশেষ। কলম্বিয়া ও আর্জেন্টিনায় এটি ছিল দলটির প্রথম পূর্ণাঙ্গ কনসার্ট। পেরুতেও অভিষেকের পর এই প্রথম পারফর্ম করেছে তারা। অন্যদিকে চিলিতে নয় বছর এবং ব্রাজিলে সাত বছর পর কনসার্ট করেছে গ্রুপটি।
বিটিএসের সফর ঘিরে স্থানীয় শহরগুলোতেও ছিল নানা আয়োজন। বোগোতা ও বুয়েনস এইরেসে দলটিকে সম্মানিত অতিথি ঘোষণা করা হয়। সান্তিয়াগোতে সাময়িকভাবে একটি সড়কের নাম রাখা হয় ‘অ্যাভেনিদা বিটিএস’। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও আলোকিত করা হয় গ্রুপটির প্রতীকী বেগুনি রঙে।
কনসার্টের প্রভাব পড়েছে পর্যটন ও পরিবহন খাতেও। স্থানীয় জরিপ অনুযায়ী, বুয়েনস এইরেসের কাছের শহর লা প্লাতায় কনসার্ট দেখতে আসা দর্শকদের ৯৬ শতাংশই ছিলেন বাইরের এলাকার। তাঁদের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের জন্য সেটিই ছিল প্রথম লা প্লাতা সফর। ৪৮ হাজারের বেশি দর্শনার্থী সেখানে অন্তত এক রাত ছিলেন। তাঁদের আবাসন, খাবার, যাতায়াত ও বিনোদনে ব্যয় হয়েছে আনুমানিক ৫ হাজার ৩০০ কোটি আর্জেন্টাইন পেসো বা ৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার।
এ ছাড়া বোগোতায় আগের বছরের একই সময়ের তুলনায় ফ্লাইট বুকিং বেড়েছে ৪৬ দশমিক ৬ শতাংশ। লিমায় কনসার্টের দিন রাইড শেয়ারিং সেবার চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ গুণ এবং কনসার্ট শেষে ৪৮ গুণে পৌঁছায়। সান্তিয়াগোতে আবাসন খোঁজার হারও বেড়েছে প্রায় ২০০ শতাংশ।
দক্ষিণ আমেরিকা সফর শেষে এবার এশিয়া ও অস্ট্রেলিয়ায় কনসার্ট করবে বিটিএস। ১৯ নভেম্বর তাইওয়ানের কাওশিয়ুংয়ে শুরু হবে পরবর্তী পর্ব। এরপর ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও জাকার্তায় পারফর্ম করবে দলটি। আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতেও কনসার্ট করার কথা রয়েছে তাদের।