দুই বছর বিরতির পর ভারতের গোয়ায় ফিরছে বড় পরিসরের সংগীত উৎসব। ‘হোম’ (HOME) নামের দুই দিনব্যাপী এই আয়োজনে প্রথমবারের মতো একই মঞ্চের লাইনআপে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও করণ আউজলা। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর গোয়ার ভ্যাগাটরে অনুষ্ঠিত হবে উৎসবটি। টিম ইনোভেশনের আয়োজনে এতে বলিউড, পাঞ্জাবি পপ, ইন্ডি ও ইলেকট্রনিক সংগীতের ৩০টির বেশি শিল্পী পারফর্ম করবেন।

উৎসবের প্রধান আকর্ষণ অরিজিৎ ও করণ ছাড়াও অংশ নেবেন জসলিন রয়্যাল, ডিজে চেতাস ও কিং। পাশাপাশি থাকছে বেশ কয়েকজন স্বাধীন ও উদীয়মান শিল্পীর পরিবেশনা। গোয়ায় প্রথমবারের মতো টিকিট কেটে উন্মুক্ত কনসার্টে পারফর্ম করবেন করণ আউজলা। অন্যদিকে দীর্ঘ বিরতির পর রাজ্যটিতে ফিরছেন অরিজিৎ সিং।

উৎসবে অংশ নেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই শিল্পীই। অরিজিৎ জানিয়েছেন, সংগীত মানুষকে একত্র করার শক্তি রাখে। অন্যদিকে করণ আউজলার মতে, বিশ্বজুড়ে ভারতীয় সংগীতের অবস্থান বদলাচ্ছে এবং ‘হোম’-এর মতো আয়োজন সেই পরিবর্তনকে আরও এগিয়ে নেবে।

টিম ইনোভেশনের প্রতিষ্ঠাতা মোহিত বিজলানি জানিয়েছেন, ভারতীয় শিল্পীদের আন্তর্জাতিক মানের মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরাই এই উৎসবের অন্যতম লক্ষ্য। তাঁর পরিকল্পনা, দক্ষিণ এশিয়ার সংগীতশিল্পী ও নতুন প্রতিভাদের জন্য ‘হোম’কে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা।

নিয়ন থিমে সাজানো হবে উৎসবের আয়োজন। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। থাম্পএন ও জোমাটোর ডিস্ট্রিক্ট প্ল্যাটফর্মে বিক্রি হবে টিকিট। ৩১ অক্টোবর ভারতীয় সময় দুপুর ২টায় প্রি-সেল শুরু হবে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ২ নভেম্বর দুপুর ২টা থেকে।