বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম ফিডব্যাক। সংগীতাঙ্গনে পাঁচ দশকের পথচলা পূর্ণ করেছে জনপ্রিয় এই ব্যান্ড। সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও নতুন অধ্যায়ের সূচনা উপলক্ষে বছরব্যাপী বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে ফিডব্যাক।
এ উপলক্ষে গতকাল রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যান্ডটি। ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামের এই আয়োজনে পাঁচ দশকের সংগীতযাত্রা, স্মৃতি ও সাফল্যের পাশাপাশি সুবর্ণজয়ন্তীর পরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ এই যাত্রায় শ্রোতাদের কাছে গান পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে নতুন ও পুরোনো গানের সমন্বয়ে নানা আয়োজনের পরিকল্পনা করেছে ফিডব্যাক। এর মধ্যে রয়েছে নতুন অ্যালবাম প্রকাশ, জনপ্রিয় পুরোনো গান নতুন সংগীতায়োজনে পরিবেশন এবং ব্যান্ডের ইতিহাস নিয়ে তথ্যচিত্র নির্মাণ। ‘ফিডব্যাক: ফিফটি নট আউট’ শিরোনামে বছরব্যাপী এই আয়োজনের মাধ্যমে ব্যান্ডটির পাঁচ দশকের সংগীতযাত্রাকে উদ্যাপন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিডব্যাকের প্রতিষ্ঠাতা দলনেতা ও সদস্য ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ ও সংগীতশিল্পী রফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি ও মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, পেন্টাগন ব্যান্ডের সুমন, রেনেসাঁ ব্যান্ডের পিলু খান, অবসকিউর ব্যান্ডের টিপু, মার্চেন্ডাইজ পার্টনার অঞ্জন্সের কর্ণধার শাহীন আহমেদ এবং ইউনিভার্সাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আশিষ চক্রবর্তীসহ অনেকে।
১৯৭৬ সালে ‘ফিডব্যাক টুয়েন্টিথ সেঞ্চুরি’ নামে যাত্রা শুরু করে ব্যান্ডটি। প্রথম দিকে পপসংগীত পরিবেশন করলেও আশির দশক থেকে বাংলা গানে মনোযোগী হয় দলটি। ফোয়াদ নাসের বাবু, এরশাদ মঈনুদ্দিন পলি, মাকসুদুল হক ও লাবু রহমানের মতো সংগীতশিল্পীদের হাত ধরে শ্রোতাদের কাছে স্থায়ী জায়গা করে নেয় ফিডব্যাক।
‘মেলায় যাই রে’ গানের পাশাপাশি ‘মেলা’, ‘উল্লাস’, ‘বঙ্গাব্দ ১৪০০’ ও ‘দেহঘড়ি’র মতো অ্যালবামের মাধ্যমে বাংলা ব্যান্ডসংগীতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে দলটি। সময়ের পরিবর্তন ও নানা চড়াই-উতরাই পেরিয়েও ব্যান্ডের বর্তমান সদস্যরা নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে গান পরিবেশন করে চলেছেন।
দীর্ঘ সংগীতযাত্রায় ফিডব্যাকের অর্জনের তালিকায় রয়েছে ১৯৯৫ সালে ‘যায় যায় দিন’ এবং ২০১৭ সালে ‘আরটিভি’ বেস্ট ব্যান্ড পুরস্কার। পাঁচ দশকের এই পথচলাকে স্মরণীয় করে তুলতে সুবর্ণজয়ন্তীর আয়োজনের মাধ্যমে পুরোনো স্মৃতি ও নতুন সৃষ্টিকে একসঙ্গে তুলে ধরতে চায় ব্যান্ডটি।