ভারতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট মানেই ভক্তদের উপচে পড়া ভিড়, উন্মাদনা আর প্রিয় শিল্পীকে একনজর দেখার আকাঙ্ক্ষা। এবার দিল্লিতে তাঁর আসন্ন কনসার্ট ঘিরে সম্ভাব্য জনসমাগম সামাল দিতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা করছে প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েনের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি স্টেডিয়ামের আশপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও রয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা দিলজিতের কনসার্ট। এই আয়োজনের মধ্য দিয়েই ভারতে শুরু হবে তাঁর ‘অরা’ সফর।
প্রথম দিকে কনসার্টের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের জটিলতা তৈরি হলেও পরে অনুমতি পাওয়া যায়। এখন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা নতুন করে সাজাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৪০০ থেকে বাড়িয়ে ২ হাজার নিরাপত্তারক্ষী?
প্রাথমিক পরিকল্পনায় কনসার্টে ৪০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েনের কথা ছিল। তবে দিলজিতের জনপ্রিয়তা এবং বিপুলসংখ্যক দর্শকের সমাগমের সম্ভাবনা বিবেচনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তাঁদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার নিরাপত্তারক্ষীর প্রয়োজন হতে পারে। এ বিষয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্টেডিয়ামের আশপাশে ৭০০ মিটার পর্যন্ত যান নিয়ন্ত্রণের পরিকল্পনা
নিরাপত্তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। জওহরলাল নেহরু স্টেডিয়ামের চারপাশে ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট কিছু এলাকায় শুধু শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।
স্টেডিয়ামটিতে একসঙ্গে প্রায় ৫৫ হাজার দর্শকের অনুষ্ঠান উপভোগের সুযোগ রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষের প্রবেশ ও বের হওয়ার সময় বিশৃঙ্খলা এড়াতে প্রবেশপথ ও বের হওয়ার পথের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আয়োজকদের।
এদিকে, দর্শকদের আরও কাছাকাছি পৌঁছাতে মঞ্চের সামনের চলার পথ বা র্যাম্পের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমোদনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মুম্বাইয়ের কনসার্ট ঘিরে হুমকি, বাড়তি সতর্কতা
দিল্লির কনসার্টের নিরাপত্তা প্রস্তুতির মধ্যেই সামনে এসেছে মুম্বাইয়ের একটি অনুষ্ঠান ঘিরে হুমকির খবর। আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ে দিলজিতের আরেকটি কনসার্ট হওয়ার কথা। ওই অনুষ্ঠানকে লক্ষ্য করে মুম্বাইয়ের মেয়রের কাছে হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে বলে জানা গেছে।
একই হুমকিতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় বোমা বিস্ফোরণের কথাও উল্লেখ করা হয়েছে। তবে হুমকিদাতার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার পর দিলজিতের দিল্লির কনসার্ট নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে এবং টিকিট বিক্রির সঙ্গে যুক্ত সংস্থাকে হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে।
কনসার্ট পিছিয়ে যাওয়ার আশঙ্কা, কী বলছে পরিস্থিতি?
চলতি বছরের বেশির ভাগ সময় ইউরোপ ও আমেরিকায় ‘অরা’ সফর নিয়ে ব্যস্ত ছিলেন দিলজিৎ। এবার ভারতের দর্শকদের সামনে সেই আয়োজন তুলে ধরতে যাচ্ছেন তিনি।
তবে নিরাপত্তা নিয়ে বাড়তি প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশের মধ্যে কনসার্ট পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও অনুষ্ঠান স্থগিত বা পিছিয়ে দেওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।