২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ব্যবসাসফল ছবি ‘আশিকি ২’-এর গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় গান ‘সুন রাহা হ্যায় না তু’। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ঠোঁটে এই গানে কণ্ঠ দিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে গানটি রেকর্ড করার পেছনের এক অজানা মজার অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ করেছেন এই গায়িকা।

বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছেন যে প্রথমবার তিনি নিজের মতো করে একটু জটিল ও পরিশীলিত গায়িকি দিয়ে গানটি গেয়েছিলেন। কিন্তু পরে পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাঁকে ফোন করে জানান যে সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি তখনো গান শেখেনি, সে একেবারেই নতুন। তাই চরিত্রটির সরলতা ও কাঁচা ভাব ফুটিয়ে তুলতে গানটি আরেকবার একটু সহজভাবে গাওয়ার অনুরোধ করা হয়। তাঁদের সেই যুক্তি মেনে শ্রেয়া গানটিতে পরিবর্তন এনেছিলেন এবং চরিত্রের প্রেক্ষাপট বুঝে গায়কিতে সেই পরিবর্তন আনাই যে সঠিক ছিল, পরে তা উপলব্ধি করেছিলেন তিনি।