ঢাকায় ‘মুনলাইট মেলোডিজ’ কনসার্ট দিয়ে শ্রোতাদের মুগ্ধ করার পর এবার চট্টগ্রামে গান শোনাতে আসছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
গত ৯ অক্টোবর ঢাকার কেআইবি মিলনায়তনে একই শিরোনামে আয়োজিত কনসার্টে প্রায় পৌনে চার ঘণ্টা ধরে ৩০টির মতো গান পরিবেশন করেন বাপ্পা। হাউসফুল সেই আয়োজনে শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পান তিনি। এবার চট্টগ্রামের দর্শকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বাপ্পা লিখেছেন, ‘তোমরা কি একটা মিউজিক্যাল থেরাপির জন্য প্রস্তুত?’
কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে। মুনলাইট জোনের টিকিট ৩ হাজার টাকা এবং মিডনাইট জোনের টিকিট ২ হাজার টাকা। ২০ নভেম্বর বিকেল ৫টায় দর্শকদের জন্য গেট খুলবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ম্যাভিক্স গ্লোবাল আয়োজিত এই অনুষ্ঠানে বাপ্পা মজুমদার তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে।