জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকায় হতে যাচ্ছে জমজমাট উন্মুক্ত কনসার্ট ‘কনসার্ট ফর সলিডারিটি’ (Concert for Solidarity)। আগামী ৭ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা অংশ নেবেন।

প্রকাশিত অফিসিয়াল পোস্টার থেকে জানা গেছে, ৭ নভেম্বর ৭টি ব্যান্ডের পরিবেশনায় ৭ ঘণ্টা ব্যাপী এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড নগর বাউল (জেমস)-এর পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বামবার (BAMBA) সহযোগিতায় আয়োজিত এই কনসার্টের গেট খুলবে বিকেল ৩টা ৩০ মিনিটে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টটি সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ উৎসবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।