দেশীয় শোবিজ অঙ্গনে নারী গোয়েন্দা চরিত্রকে কেন্দ্র করে বড় পরিসরের কাজ খুব একটা দেখা যায় না। সেই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়ে নির্মাণ শুরু হয়েছে নতুন ডিটেকটিভ সিরিয়াল ‘নীহারিকা সেন’। তীর প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাত।
রহস্য ও অনুসন্ধানভিত্তিক গল্পে নির্মিত সিরিয়ালটির ফার্স্ট লুক ইতোমধ্যে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে ‘নীহারিকা সেন’ চরিত্রটি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজটির প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে এবং আরও কয়েকটি পর্ব নির্মাণের পর এটি তীর প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
চরিত্রটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সিফাত নুসরাত বলেন, ‘ডিটেকটিভ নীহারিকা সেন আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। আমি চাই এই চরিত্রটি দর্শকদের কাছে দীর্ঘ সময় ধরে স্মরণীয় হয়ে থাকুক। সিরিজে নীহারিকা সেনকে ঘিরে একের পর এক রহস্যের বিস্তার ঘটবে।’
সিরিজটির বিশেষ দিক হলো, নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এর গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। প্রথম পর্ব পরিচালনা করেছেন নির্মাতা নাজিরী সাগর। তবে সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
নির্মাতা নাজিরী সাগরের মতে, বাংলাদেশে নারী গোয়েন্দা চরিত্র খুব কম দেখা যায়। সেই জায়গা থেকে ‘নীহারিকা সেন’ নতুনত্ব নিয়ে আসবে। তিনি বলেন, সিফাত নুসরাত শুধু গ্ল্যামার নয়, নিজের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলতে সক্ষম হবেন।
নির্মাতাদের প্রত্যাশা, রহস্যপ্রেমী দর্শকদের জন্য ‘নীহারিকা সেন’ হতে পারে ভিন্নধর্মী এক সংযোজন, যা দেশীয় ডিজিটাল কনটেন্টে নারী গোয়েন্দা চরিত্রকে নতুনভাবে পরিচিত করে তুলবে।