যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে এবং ঢালিউড তারকাদের সম্মানিত করতে আবারও বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর জমকালো আসর। আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্চল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন। বিশেষ চমক হিসেবে দীর্ঘ পাঁচ বছর পর এতে অংশ নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

এবারের আসরে ঢালিউড কিং শাকিব খানকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা। সম্মাননা গ্রহণের পাশাপাশি মঞ্চে বিশেষ পারফর্মও করবেন তিনি। এর আগে সর্বশেষ ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন তিনি। ‘শো টাইম’-এর আয়োজনে চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের একঝাঁক জনপ্রিয় শিল্পীর উপস্থিতিতে এবারের আসরটি তারকাদের বড় মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন একঝাঁক তারকা। তালিকায় রয়েছেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, সামিরা খান মাহিসহ আরও অনেকে। এছাড়া সংগীতাঙ্গন থেকে রিজিয়া পারভীন, এস আই টুটুল ও বিন্দু কনার মতো জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। তারকাদের এই সরাসরি অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।