টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের বিনোদনজগতে তাঁকে নিয়ে চলা জল্পনা ও একটি বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। গুঞ্জন রয়েছে, আগামী ৫ ডিসেম্বর বিনোদনজগতের বাইরের সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি। তবে এত আলোচনার পরও মিমি নিজে বিষয়টি নিশ্চিত না করে বরং মজার ছলে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমিও শুনছি আমার বিয়ে’।

ভাইরাল হওয়া সেই বিয়ের আমন্ত্রণপত্রে বর-কনের সঙ্গে তিন পোষ্য কুকুরের ছবি থাকার বিষয়টি ভক্তদের নজর কেড়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে ঘনিষ্ঠ আয়োজন এবং পরবর্তীতে কলকাতায় বড় পরিসরে সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে পাত্রের পরিচয় কিংবা বিয়ের তারিখ নিয়ে অভিনেত্রী বা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।