ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘বনলতা সেন’। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সেরা ১৪টি চলচ্চিত্রের সঙ্গে মূল প্রতিযোগিতায় লড়াই করবে সিনেমাটি। বিজয়ী সিনেমা পাবে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার।
কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর সূত্র ধরে কবির জীবনের কিছু অজানা দিক নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং নাম ভূমিকায় দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।