নায়িকা মাহিয়া মাহি কলকাতায়, আর নায়ক সাইমন সাদিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। দুজনের কেউই দেশে না থাকলেও তাঁদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’ মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আগামী ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

পরিচালক জানান, সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ৩৪টি শো চূড়ান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সের শোসংখ্যা জানা যাবে শিগগিরই। নায়ক-নায়িকা দেশের বাইরে থাকায় প্রচারণায় সমস্যা হবে কি না, এমন প্রশ্নে তিনি জানান, দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। তাই তাঁদের অনুপস্থিতি নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। একসময় ঢালিউডের ব্যস্ত নায়িকাদের একজন হলেও গত দুই বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। অন্যদিকে, ২০২৫ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইমন সাদিক। দীর্ঘ বিরতির পর তাঁদের জুটির নতুন সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে।

প্রয়াত সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের ‘আনন্দ অশ্রু’র সঙ্গে নামের মিল থাকলেও নতুন সিনেমাটি পুরোনোটির সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত হয়েছে ছবিটি। পরিচালক একে ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা হিসেবে উল্লেখ করেছেন। সাইমন-মাহি জুটিকে নিয়ে ‘জান্নাত’-এর পর এটি তাঁর দ্বিতীয় কাজ।

মোস্তাফিজুর রহমান মানিকের ১২তম সিনেমা ‘আনন্দ অশ্রু’র সেন্সরসহ অন্যান্য কাজ দুই বছর আগেই শেষ হয়েছে। তবে মুক্তির উপযুক্ত সময়ের অপেক্ষায় এত দিন আটকে ছিল ছবিটি। অভি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।