এক সিনেমার কাজ শেষ হওয়ার আগেই নতুন আরেক ছবিতে একসঙ্গে হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। রায়হান রাফির ‘আন্ধার’-এর পর এবার শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলো’ সিনেমায় দেখা যাবে এই তিন তারকাকে। আসন্ন ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে নির্মিত হচ্ছে ছবিটি।

সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম। আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হওয়ার কথা রয়েছে শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে ছবিটি নির্মাণ করছে। ইতিমধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, রায়হান রাফি পরিচালিত ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে পরপর দুটি সিনেমায় একই তিন তারকাকে দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।