বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এবার বড় পর্দায় বড় ক্যানভাসে আসছে নতুন চলচ্চিত্র ‘খলনায়ক’। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’ ও ‘দম’-এর মতো প্রশংসিত প্রজেক্টের পর প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও হইচই স্টুডিওজের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে এই সাইকোলজিক্যাল থ্রিলারটি। এই সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় প্রথমবার আত্মপ্রকাশ করছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

সিনেমার প্রধান দুই পুরুষ চরিত্রে অভিনয় করছেন দেশের শীর্ষ দুই অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাঁদের সঙ্গে নারীপ্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে। এছাড়া ছবিটিতে যুক্ত হয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টুর মতো একঝাঁক অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিল্পী। বিশেষ একটি চরিত্রে ওপার বাংলা থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আন্তর্জাতিক মানের ‘লুক অ্যান্ড ফিল’ ফুটিয়ে তুলতে চিত্রগ্রাহক শুভঙ্কর ভড় ও শিল্প নির্দেশক শিবাজী পালও এই প্রজেক্টের সাথে যুক্ত আছেন।

নিজের প্রথম সিনেমা নিয়ে ভিকি জাহেদ জানান, "খলনায়ক শুধু একটি গল্প নয়, এটি মানবচরিত্রের গভীর জটিলতার এক চিত্রায়ন। নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর, তেমনই আনন্দের।" অন্যদিকে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী দুজনই চিত্রনাট্যের মনস্তাত্ত্বিক ক্যানভাস ও ভিকির ভিন্ন ধাঁচের কাজের ভূয়সী প্রশংসা করে বড় পর্দায় দর্শকদের নতুন অভিজ্ঞতার আশ্বাস দিয়েছেন। খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে।