যুক্তরাজ্য ও ইউরোপের তিনটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রশংসিত চলচ্চিত্র ‘মাস্টার’। ক্ষমতার নীরব পরিবর্তন এবং তা কীভাবে সমাজকে প্রভাবিত করে তার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আগ্রহ তৈরি হয়েছে।

আগামী ৩০ ও ৩১ অক্টোবর যুক্তরাজ্যের লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ‘কনস্টেলেশন’ বিভাগে প্রদর্শিত হবে ছবিটি। এরপর ১ নভেম্বর বেলফাস্ট চলচ্চিত্র উৎসবে এবং ৯ থেকে ১১ নভেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠিত ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’ উৎসবে দেখানো হবে সিনেমাটি। উৎসবগুলোর আয়োজকরা ছবিটির নির্মাণশৈলী এবং রাজনৈতিক নাট্যধর্মী প্লটের ভূয়সী প্রশংসা করেছেন।