ব্যবসায়িক সাম্রাজ্যে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হচ্ছে তাঁর মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা টিকিয়ে রাখতে বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও সাড়া পাননি তিনি। এমনকি কারখানা ভাড়া দেওয়ার চেষ্টাও সফল হয়নি।

এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার ঋণ পুনঃতফসিল করা হয়। পরে ২০২৬ সালের ১৮ অক্টোবর অনন্ত জলিল ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দিলেও পর্যাপ্ত অর্থ না থাকায় ২ নভেম্বর সেটি প্রত্যাখ্যাত হয়। আগামী ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।

আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানান, করোনাকালে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা দিতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সুদসহ সেই ঋণের পরিমাণ এখন অনেক বেড়েছে। অন্যদিকে, গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে তাঁর মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। পরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে নাম লেখানোর পর স্ত্রী বর্ষাকে নিয়ে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করেন। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গে আলোচনা করেও সফল হননি তিনি। চলচ্চিত্রে সময় দেওয়ার কারণে ব্যবসায়িক সংকট তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অনন্ত জলিল করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতিকে দায়ী করেছেন।