অ্যাকশনের উত্তাপ, প্রতিশোধের গল্প আর রকস্টারের মঞ্চ কাঁপানোর পর এবার একেবারে রোমান্টিক আবহে ফিরছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। তাঁর আসন্ন নতুন সিনেমা ‘মহব্বত’-এ ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়কের বিপরীতে দেখা যাবে এক পাকিস্তানি অভিনেত্রীকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই রোমান্টিক সিনেমাটি পরিচালনা করবেন সফল নির্মাতা হিমেল আশরাফ।

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাকিব খান জানান, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে এটি একটি চমৎকার যৌথ কাজ হতে যাচ্ছে। সম্প্রতি দেশটির চলচ্চিত্রশিল্পের বাজার ও বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে অভিনেতা বলেন, সেখানে আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। এমনকি তাদের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে, যা সত্যিই দারুণ ব্যাপার। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। ফলে এই নতুন জুটিকে ঘিরে ভক্তদের মাঝে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।