পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রি ও যৌথ প্রযোজনা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা বিপত্তিতে পড়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তিনি কিছু তথ্য দেন, যার বাস্তব চিত্রের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা করার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি সেখানকার এক অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমার আলোচনার কথাও জানান শাকিব। তবে এরপরেই তিনি দাবি করেন, পাকিস্তানে বর্তমানে ১২০০টিরও বেশি সিনেমা হল চালু রয়েছে এবং সেখানকার একেকটি সিনেমা ২০০ থেকে ৩০০ কোটি রুপি আয় করে। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সিনেমার বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। দেশটিতে সচল স্ক্রিন বা পর্দার সংখ্যা বর্তমানে অনেক কম এবং সিনেমা ব্যবসার অবস্থাও বেশ নাজুক। শাকিবের এই ঢালাও মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।