বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান হলো। অবশেষে রিয়েল এনার্জি প্রোডাকশনের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মাধ্যমে ২০২৫ সালের ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’-এর টিমের সঙ্গেই আবারও কাজ করতে যাচ্ছেন এই তারকা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিমের সদস্যদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন এই যাত্রার ইঙ্গিত দেন শাকিব খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।’

নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করে পরিচালক মেহেদী হাসান হৃদয় কালের কণ্ঠকে জানান, বৃহস্পতিবারই রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে শাকিব খান আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সিনেমার নাম, নায়িকা কিংবা অন্যান্য অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি।

নির্মাতা আরও জানান, এটি ‘বরবাদ’ বা অন্য কোনো সিনেমার সিক্যুয়াল নয়। সম্পূর্ণ নতুন গল্পে নির্মিত হবে থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি। তিনি বলেন, ছবিতে কোনো রাজনৈতিক বিষয় থাকবে না। বরং দর্শকদের জন্য একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন লোকেশনেও টানা শুটিং করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের যেকোনো এক ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে দর্শক ও বক্স অফিসে বড় সাফল্য পান পরিচালক মেহেদী হাসান হৃদয়। এরপর ঈদুল আজহায় সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেন ‘রাক্ষস’। এবার আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন এই নির্মাতা।