এফডিসিতে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়ায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাসাসের আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট’ বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি গেটে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এফডিসিতে উপস্থিত থাকলেও এতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

কর্মসূচি শেষে শিল্পী সমিতির সামনে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। হেলাল বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এ বিষয়ে জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা ছিলেন ডি এ তায়েবের ভক্ত। তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা।

জয়ের ভাষ্য, ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হয়েছেন। ওই ব্যক্তিরা কখন কীভাবে এফডিসিতে এসেছেন, সে বিষয়েও তায়েব জানতেন না বলে দাবি করেন জয়।