বড় ভাই সোহেল রানার প্রায় ৪০ বছরের পুরোনো ইচ্ছার কথা মনে রেখে তাকে দামি একটি ঘড়ি উপহার দিয়েছেন চিত্রনায়ক রুবেল। ছোট ভাইয়ের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন সোহেল রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেই স্মৃতির কথা জানিয়েছেন তিনি।
সোহেল রানা জানান, প্রায় ৪০ বছর আগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছিল। সে সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা হুমায়ুন ফরীদি, শহিদুল ইসলাম খোকন ও রুবেল। চিকিৎসক সুস্থ বলার পর এক বিকেলে রুবেল ও খোকনকে সঙ্গে নিয়ে ঘড়ি কিনতে বের হন তিনি।
একটি শোরুমে সবচেয়ে দামি একটি ঘড়ি পছন্দ হলেও দাম বেশি হওয়ায় তখন সেটি কিনতে পারেননি সোহেল রানা। তবে ঘড়িটির প্রতি বড় ভাইয়ের মুগ্ধতা রুবেলের মনে থেকে যায়।
প্রায় চার দশক পর সেই স্মৃতি মনে রেখে বড় ভাইকে একটি দামি ঘড়ি উপহার দেন রুবেল। সোহেল রানা লেখেন, ‘প্রায় ৪০ বছর আগের কথা আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু ভোলেনি রুবেল। প্রায় ৪০ বছর পর গতকাল আমার বাসায় এসে আমার হাতটা টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল।’
রুবেল জানান, সোহেল রানা যে ঘড়িটির দিকে তাকিয়েছিলেন, সেটির দাম এখন এক কোটি থেকে দেড় কোটি টাকা। তবে তিনি যে ঘড়িটি উপহার দিয়েছেন, তার দাম প্রকাশ করেননি সোহেল রানা। তার কাছে উপহারের মূল্য নয়, ছোট ভাইয়ের ভালোবাসা ও এত বছর পর সেই ইচ্ছা মনে রাখাটিই সবচেয়ে বড়।
সোহেল রানা আরও লেখেন, ‘দাম দিয়ে সবকিছু কেনা যায় না, হৃদয় থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়।’ রুবেলের এই উপহারকে তিনি জীবনের এক আবেগঘন স্মারক হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেন সোহেল রানা। পরে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।