ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চির খ্যাতি বিশ্বজুড়ে। অভিনয়জীবনের প্রায় তিন দশকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি। তাঁর ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা ‘মালেনা’ (২০০০)। জুসেপ্পে তর্নাতোরে পরিচালিত এই সিনেমায় কয়েকটি নগ্ন ও খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন মনিকা। গল্পের প্রয়োজনে করা সেই অভিনয় আজও দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনায় আসে।

মনিকার মতে, নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তুলতে পারে। তবে এটি কখনোই কেবল শরীর প্রদর্শনের মাধ্যম হওয়া উচিত নয়। বরং চরিত্রের প্রয়োজনে নগ্নতা অভিনয়েরই একটি উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

সম্প্রতি মারাকেশ চলচ্চিত্র উৎসবে ভ্যারাইটির সঞ্চালনায় আয়োজিত একটি বিশেষ মাস্টারক্লাসে অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন মনিকা। সেখানে প্রসঙ্গক্রমে উঠে আসে ‘মালেনা’ সিনেমার কথা। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ফ্যাশন জগতে কাজ করার অভিজ্ঞতা তাঁকে নিজের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করতে সাহায্য করেছে।

মনিকা বলেন, ‘আমি ফ্যাশন জগৎ থেকে এসেছি। তাই আগে থেকেই নিজের শরীর নিয়ে একধরনের স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য ছিল। ফ্যাশনে কাজ করার অভিজ্ঞতা আমাকে এ ক্ষেত্রে সাহায্য করেছে।’

নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রসঙ্গে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘এখনো আমি মনে করি, নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তুলতে পারে। ‘আনোরা’ (২০২৪) কিংবা ‘পুওর থিংস’ (২০২৩)-এর মতো সিনেমায় দেখেছি, চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রীদের শরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোনো চরিত্রে অভিনয়ের সময় নগ্নতা যদি সেই চরিত্রের অংশ হয়, তাহলে সেটি কেবল অভিনয়ের একটি উপকরণ। স্রেফ শরীর প্রদর্শনের উপায় নয় এটি। বরং নগ্নতা হলো অনেকটা পোশাকের মতো, যা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে।’

উল্লেখ্য, ‘মালেনা’ সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির সিসিলি অঞ্চলের একটি ছোট শহরের এক তরুণীর জীবন তুলে ধরা হয়েছে। তাঁর সৌন্দর্যকে কেন্দ্র করে শহরের মানুষের আকাঙ্ক্ষা, ঈর্ষা ও সহিংসতার নানা ঘটনা ঘটতে থাকে। সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পান মনিকা বেলুচ্চি। ছবিটি ৭৩তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিল।