নভেম্বরের নীল আকাশে দেশের উত্তর প্রান্ত থেকে দেখা মেলে হিমালয়ের তুষারঢাকা শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে প্রতিবছরই পঞ্চগড়ের উত্তরে ছুটে যান অসংখ্য দর্শনার্থী। কেউ কেউ আবার যান ভারতের দার্জিলিংয়ে। এবার সেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গত শনিবার সকালে রৌদ্রোজ্জ্বল আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। ছবিগুলোতে দেখা যায়, পাহাড়ের ওপর দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। দূরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গগুলোও বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল।

কখনো সানগ্লাস পরে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন, কখনো আবার মাথা উঁচু করে উপভোগ করছেন নীল আকাশ। হাতে কফির কাপ নিয়েও দিয়েছেন ক্যামেরায় পোজ। পুরো সময়টায় তাঁর পরনে ছিল সাদা-কালো ডোরাকাটা পোশাক।

তবে এই সুন্দর মুহূর্তগুলো কোথায় কাটিয়েছেন, তা স্পষ্ট করে জানাননি অভিনেত্রী। ছবিগুলো দেখে অনেকের ধারণা, ভারতের দার্জিলিং থেকেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করেছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কাঞ্চন জানা কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চন মন..।’ পোস্টের সঙ্গে যুক্ত করেছেন অঞ্জন দত্তের গান ‘কাঞ্চন একটু ভালো করে বাঁচবো বলে’। তাঁর এই পোস্টে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। ইতোমধ্যে ছবিগুলোতে ১০ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।

অবসর কাটাতে ঘুরে বেড়ালেও অভিনয় নিয়ে ব্যস্ততা কমেনি জয়ার। সাম্প্রতিক সময়ে ওপার বাংলার টালিগঞ্জে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। শোনা যাচ্ছে, এবার একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। নির্মাতা অর্জুন দত্তের সিনেমাটির নাম ‘আরএসভিপি মার্ডার’। রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি এতে গুরুত্ব পাবে মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা নানা অপ্রকাশিত সত্য।

এর আগে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত টালিউড সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। নতুন সিনেমা ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।