অভিনয়ে একসময় নিয়মিত থাকলেও এখন পর্দায় খুব বেশি দেখা যায় না অভিনেত্রী অপি করিমকে। তবে বিরতি দিয়ে কাজে ফিরলেও নিজের অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এবার তার অভিনয়ের প্রশংসা করলেন ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানালেন, অপি করিমের অভিনয়ের ভক্ত তিনিও। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইচ্ছাও রয়েছে তার।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নেন অপি করিম। সেই অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খানের কাছে মুঠোফোনে ভয়েস নোট পাঠান শিবপ্রসাদ। সেখানে বাংলাদেশের শিল্পীদের প্রতি নিজের শ্রদ্ধার কথা তুলে ধরেন ‘বেলাশেষে’খ্যাত এই নির্মাতা।
শিবপ্রসাদ বলেন, “বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের প্রতি সবসময় আমার আলাদা সম্মান রয়েছে। আমার অভিনয়জীবনের শুরুতে শমী কায়সারের সঙ্গে কাজ করেছিলাম, ‘একটি নদীর নাম’ (২০০৩) সিনেমায়। সে সময়টা আমার জন্য ছিল ফ্যানবয় মোমেন্টের মতো।”
বাংলাদেশের আরও কাজ দেখতে গিয়ে অপি করিমের অভিনয়ের সঙ্গে পরিচিত হন বলে জানান তিনি। শিবপ্রসাদের ভাষায়, “পরবর্তীতে বাংলাদেশের আরও কাজ দেখতে শুরু করি, তখন অপি করিমের কাজ দেখে মুগ্ধ হয়ে গেছি। এখন তো তাকে ভাবি হিসেবে বলব। নির্ঝর (এনামুল করিম নির্ঝর) দা আমার বাড়ির মানুষের মতো। আমার প্রত্যেকটি কাজের সময় নির্ঝর দা আলাদা করে মেসেজ পাঠিয়ে উৎসাহ দেন। আর যে মানুষ ‘আহা’র মতো সিনেমা বানাতে পারেন, আমি তার ভক্ত। অপি করিম আমাদের দেশে ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় করেছেন, আমি অবাক হয়ে গেছি উনার অভিনয়ে। কিভাবে এরকম অভিনয় করেছেন তিনি!”
অপি করিমের অভিনয়ের পাশাপাশি তার বাংলা উচ্চারণেরও প্রশংসা করেছেন শিবপ্রসাদ। তার মতে, বর্তমান প্রজন্মের অনেক অভিনয়শিল্পীই শুদ্ধভাবে বাংলা বলতে পারেন না। এ ক্ষেত্রে অপি করিমের মতো শিল্পীর কাছ থেকে তাদের শেখা উচিত।
ভয়েস নোটের শেষ দিকে অপি করিমের প্রতি নিজের প্রত্যাশার কথা জানিয়ে শিবপ্রসাদ বলেন, ‘ভাবি, আপনি আরো কাজ করবেন। আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমরা একসঙ্গে কাজ করব। আমি তো মুখিয়ে আছি। আর আমি যে অপি করিম সম্পর্কে কিছু বলতে পারলাম, এটাই আমার কাছে বড় প্রাপ্তি।’
শিবপ্রসাদের এমন প্রশংসায় আপ্লুত হয়েছেন অপি করিম। গুণী এই নির্মাতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, অপি করিমকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে। সেখানে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকের মধ্যে সাড়া ফেলে সিনেমাটি ব্লকবাস্টার হয়।