বলিউডে পথচলার এক দশক পূর্ণ করতে যাচ্ছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আগামী মাসে তার ক্যারিয়ারের এই বিশেষ মাইলফলক পূর্ণ হওয়ার পাশাপাশি ১০ বছর পূর্ণ হবে আমির খান অভিনীত সিনেমা ‘দঙ্গল’-এরও। এই সিনেমার মাধ্যমেই ব্যাপক পরিচিতি পান ফাতিমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি তার জীবন ও ক্যারিয়ারে কীভাবে প্রভাব ফেলেছে, তা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
‘দঙ্গল’-এ অভিনয়ের আগে বলিউডে তেমন পরিচিতি ছিল না ফাতিমার। চলচ্চিত্রজগতের কোনো তারকা পরিবারের সঙ্গেও তার সম্পর্ক ছিল না। অভিনেত্রীর মতে, ‘দঙ্গল’ই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং জীবনে এনে দিয়েছে নতুন সুযোগ।
সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘এই সিনেমা আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, আমাকেও। আমি সুযোগ, স্বীকৃতি ও সম্মান পেয়েছি। এটি নিঃসন্দেহে আমার জীবন বদলে দিয়েছে।’
নিজের আগের অবস্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘দঙ্গলের আগে পর্যন্ত আমি কেউ ছিলাম না। কিন্তু সিনেমাটির পর আমি এমন অবস্থানে পৌঁছাই, যেখানে নিজের পছন্দমতো কাজ বেছে নিতে পারতাম। এর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ এমন সুযোগ সচরাচর আসে না।’
বলিউডে বহিরাগত হিসেবে এমন একটি চরিত্র পাওয়াকে নিজের জন্য বড় অর্জন মনে করেন ফাতিমা। তার ভাষ্য, গতানুগতিক রোমান্টিক গল্পের বাইরে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সহজ নয়। বিশেষ করে নারীদের জন্য শারীরিক ও মানসিকভাবে কঠিন চরিত্র খুব বেশি লেখা হয় না। তাই ‘দঙ্গল’-এ অভিনয়ের সুযোগকে জীবনে একবার পাওয়া যায়, এমন অভিজ্ঞতা হিসেবে দেখেন তিনি।
সিনেমাটির প্রভাব যে এখনো শেষ হয়নি, সেটিও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, মুক্তির ১০ বছর পরও ‘দঙ্গল’-এর রেশ রয়ে গেছে। এ কারণে সময়টা তার কাছে খুব দীর্ঘ মনে হয় না। এখনো অনেক পরিবার তাদের পাঁচ-ছয় বছর বয়সী সন্তানদের সিনেমাটি দেখান বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালে বেশ ব্যস্ত সময় পার করেছেন ফাতিমা সানা শেখ। ওই বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মেট্রো… ইন দিনো’, ‘আপ জ্যাসা কোই’ ও ‘গুস্তাখ ইশক’। চলতি বছর ক্রাইম সিরিজ ‘হুংকার: দ্য রোর’-এর মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।