সন্তান জন্মের পর নারীদের শরীরে পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে কটূক্তির তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মা হওয়ার পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। তাই এ নিয়ে নেতিবাচক মন্তব্য বা কটূক্তি করা উচিত নয়।

সম্প্রতি ‘বিগ বস’-এর মঞ্চে সন্তান জন্মের পর নারীদের শরীর নিয়ে মন্তব্যের সমালোচনা করেছিলেন অভিনেতা সালমান খান। এবার একই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন পরিণীতি।

অভিনেত্রীর প্রশ্ন, সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরে পরিবর্তন বা স্ট্রেচ মার্ককে কেন নেতিবাচকভাবে দেখা হবে? তাঁর মতে, নয় মাস ধরে একটি প্রাণকে গর্ভে ধারণ করার পর শরীরে দাগ তৈরি হওয়া কিংবা ওজন বেড়ে যাওয়া কোনোভাবেই লজ্জার বিষয় নয়। বরং এগুলো মাতৃত্বেরই স্বাভাবিক চিহ্ন।

পরিণীতি বলেন, কোনো গর্ভবতী নারী বা নতুন মাকে দেখলে তাঁর শারীরিক গঠন কিংবা ওজন নিয়ে মন্তব্য না করে, মা ও সন্তানের ভালো থাকা নিয়েই কথা বলা উচিত।

ট্রোলিং নিয়ে ভাবেন না পরিণীতি

অনলাইন ট্রোলিং নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সময় কাটান না তিনি। ফলে তাঁকে নিয়ে কে কী লিখছেন, তা নিয়ে খুব একটা চিন্তিতও নন।

অচেনা মানুষের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে পরিবার, নিজের জীবন ও কাছের মানুষদের প্রাধান্য দেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। পরিণীতির মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্যের চেয়ে বাস্তব জীবনের সম্পর্ক ও মানসিক শান্তির মূল্য অনেক বেশি।