বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করিয়ে মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। শারীরিক অসুস্থতার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বর্তমান অবস্থার খবর জানিয়েছেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় গান ‘গেরুয়া’ দেখে মুখে হাসি ফুটেছে অভিনেত্রীর।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন নুসরাত। সেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশনে গান দেখছেন তিনি। শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার জনপ্রিয় গান ‘গেরুয়া’ চলছিল পর্দায়। এ সময় হাসপাতালের কর্মীরা তাঁকে খাবার খেতে সাহায্য করছিলেন। অসুস্থতার মধ্যেও প্রিয় তারকাদের গান দেখে হাসতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওটির সঙ্গে নুসরাত লিখেছেন, ‘আর এভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফুটিয়ে দেন। মনে করিয়ে দেন, পরিস্থিতি ভালো হয়, ধীরে ধীরে হলেও হয়। সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে, স্বপ্ন দেখছি অফুরন্ত।’
অভিনেত্রীর এই পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। কঠিন সময়েও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন নুসরাত। তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবর ভক্তদের জন্যও স্বস্তির বিষয় হয়ে উঠেছে।
এর আগে ইনস্টাগ্রামে জানালার পাশে রাখা একটি হেলান দেওয়া হুইলচেয়ারের ছবিও শেয়ার করেছিলেন নুসরাত। ছবিতে জানালার বাইরে দেখা যাচ্ছিল সূর্যাস্তের দৃশ্য। এর সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘সারা জীবন সূর্যাস্তের পেছনে ছুটেছি। আর হঠাৎ করেই আমার দেখার দৃশ্যটা বদলে গেল। তবে বন্ধু, সিনেমার গল্প এখনো বাকি।’
কাজের সূত্রে ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনায় আহত হন তিনি। মেরুদণ্ডে চিড় ধরার পর প্রথমে বালির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেত্রী। সুস্থ হয়ে উঠতে আপাতত পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন তাঁর।
সম্প্রতি নুসরাতকে বড় পর্দায় দেখা গেছে ‘উফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায়। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সোহম শাহ ও নোরা ফাতেহি। আপাতত নতুন কাজের চেয়ে শারীরিক সুস্থতা ফিরে পাওয়াই অভিনেত্রীর প্রধান লক্ষ্য।