হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের প্রেমের গল্প নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘হে জোনাস!’-এ উপস্থিত হয়ে সেই গল্পের শুরুটা তুলে ধরেছেন নিক নিজেই। অনুষ্ঠানে প্রিয়াঙ্কাও উপস্থিত ছিলেন। সেখানে নিক প্রকাশ করেন, ২০১৬ সালে এক্সে (তৎকালীন টুইটার) পাঠানো একটি সরাসরি বার্তার মাধ্যমেই তাদের প্রথম যোগাযোগ শুরু হয়েছিল।

নিক জানান, তার ভাই কেভিন জোনাসই প্রথম তাকে প্রিয়াঙ্কার অভিনীত হলিউড সিরিজ ‘কোয়ান্টিকো’ সম্পর্কে জানান। পরে সানসেট বুলেভার্ডে সিরিজটির একটি বড় বিলবোর্ডে প্রিয়াঙ্কার ছবি দেখে আগ্রহী হয়ে ওঠেন তিনি। এরপর এক্সে গিয়ে দেখেন, প্রিয়াঙ্কা তাকে অনুসরণ করছেন। তখনই তিনি একটি বার্তা পাঠান। সেই বার্তায় লেখা ছিল, ‘হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’

জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘হাই। গ্রাহাম তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে কথা বলি। এটি আরও ব্যক্তিগত হবে। কারণ আমার টিমও এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।’ সেই কথোপকথনের স্ক্রিনশটও পডকাস্টে শেয়ার করেন তারা।

প্রিয়াঙ্কা জানান, শুরুতে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি সত্যিই প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন কি না। এজন্য একটি নির্দিষ্ট সময়ের ছবি পাঠাতে বলেছিলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, নিকের এই সতর্কতাই তার কাছে বেশ বুদ্ধিদীপ্ত মনে হয়েছিল। এরপর নিয়মিত যোগাযোগ শুরু হয় তাদের। প্রায় দেড় বছর পর তারা আনুষ্ঠানিকভাবে ডেটিং শুরু করেন এবং পরে সম্পর্ক বিয়ের দিকে গড়ায়।

পডকাস্টে আরেকটি মজার তথ্যও সামনে আসে। প্রিয়াঙ্কা জানান, বলিউডের নানা গসিপ ও তারকাদের ব্যক্তিগত খবরাখবর সম্পর্কে নিক তার চেয়েও বেশি আপডেট থাকেন। এ প্রসঙ্গে নিক হাসতে হাসতে বলেন, বলিউডের গসিপ অনুসরণ করা গত কয়েক বছরে তার অন্যতম প্রিয় অভ্যাসে পরিণত হয়েছে। এমনকি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি গসিপভিত্তিক অ্যাকাউন্টও অনুসরণ করেন, যেখানে বিনোদন অঙ্গনের নানা খবর নিয়মিত জানতে পারেন।

উল্লেখ্য, ২০১৭ সালে একটি অস্কার-পরবর্তী অনুষ্ঠানে প্রথমবার সরাসরি দেখা হয় প্রিয়াঙ্কা ও নিকের। ২০১৮ সালে তারা প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। একই বছরের জুলাইয়ে গ্রিস সফরে গিয়ে নিক প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন। পরে ডিসেম্বর মাসে ভারতের যোধপুরে উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিষ্টান, উভয় ধর্মীয় রীতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে পরিবার ও ক্যারিয়ার, দুই ক্ষেত্রেই সুখী সময় পার করছেন এই তারকা দম্পতি।