সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অভিনয়জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। ক্যারিয়ার আগের অবস্থায় ফিরবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের মধ্য দিয়ে প্রত্যাবর্তন হয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ খবর জানিয়েছেন অভিনেত্রী।
কাজে ফেরার অনুভূতি জানিয়ে মেঘলা লিখেছেন, ‘কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারব। সত্যি বলতে, আমি নিজেও ভাবিনি। যারা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তাদের কেউ আমার অবস্থা দেখে ভয় পেয়েছেন, কেউ সাহস দিয়েছেন। কেউ হয়তো ভেবেছেন, আমার ক্যারিয়ার এখানেই শেষ, কেউ ভেবেছেন আগের মতো আর কখনোই ফিরতে পারব না। এমনকি পরিবারের মধ্যেও শঙ্কা ছিল, আমি আবার আগের সেই মেঘলা হয়ে উঠতে পারব কি না।’
দুর্ঘটনার পর নিজের ভবিষ্যৎ নিয়েও দ্বিধায় ছিলেন এই অভিনেত্রী। তবে ধীরে ধীরে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। মেঘলার কথায়, ‘অ্যাক্সিডেন্টের পর একটা সময় আমিও বুঝতে পারছিলাম না, সামনে কী অপেক্ষা করছে। কিন্তু ধীরে ধীরে যখন নিজের শক্তি, সামর্থ্য আর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলাম, তখন নিজেকেই বলেছি না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমাকে কামব্যাক করতে হবে।’
এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন মেঘলা। তবে দ্রুত কাজে ফিরতে পারাকে নিজের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ক্ষেত্রে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘সবার আগে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমাকে এত দ্রুত সুস্থতার পথে এগিয়ে নেওয়ার জন্য। আমি এখনো পুরোপুরি সুস্থ নই, এখনো অনেকটা রিকভারি বাকি। কিন্তু এত দ্রুত কাজে ফিরতে পারাটা আমার মানসিক শক্তি আর আত্মবিশ্বাসকে যে কতটা বাড়িয়ে দিয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
‘চক্র’র পরিচালক ভিকি জাহেদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেঘলা। দুর্ঘটনার পর একপর্যায়ে নিজেই কাজ থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু পরিচালক তাকে বাদ দিতে রাজি হননি। এ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ডিরেক্টরকে। একটা সময় নিজেই বলেছিলাম, আমাকে বাদ দিয়ে দিতে। কিন্তু উনি মেঘলাকে বাদ দিতে চাননি। এই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে মেঘলা আরও জানান, ২০২৬ সাল তার জীবনে বড় এক শিক্ষার বছর। এই সময়ে অনেক কিছু হারানোর পাশাপাশি নিজেকে নতুন করে চিনেছেন তিনি। কঠিন অভিজ্ঞতা তাকে আগের চেয়ে আরও শক্ত করেছে বলেও মনে করেন অভিনেত্রী। বছরের শেষ সময়ে এসে জীবনের এই অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি।