উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন লং ড্রাইভের উদ্দেশ্যে। আর তাঁর সাথে এই লং ড্রাইভে সফরসঙ্গী হিসেবে দেখা মিলেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। রহস্যজনক এই লং ড্রাইভ দেখে সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও দর্শকদের কৌতুহল জাগলেও জানা গেছে, এটি মূলত একটি নতুন কার-কাস্ট সেলিব্রিটি টকশোর দৃশ্যধারণ।
আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সির প্রযোজনায় নির্মিত এই ব্যতিক্রমী শোয়ের শিরোনাম দেওয়া হয়েছে ‘লং ড্রাইভ’। পরিচালক সঞ্জয় সমদ্দারের মূল ভাবনায় এবং ইশতি আহমেদের পরিচালনায় নির্মিত এই শোটিতে সাধারণ টকশোর বাইরে তারকাদের জীবনের নানা রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প তুলে ধরা হবে। গাড়ির ভেতর খোলামেলা আড্ডার মধ্য দিয়ে উঠে আসবে তারকাদের সাফল্যের গল্প, প্রথম গাড়ি কেনার অভিজ্ঞতা থেকে শুরু করে বর্তমান চালক জীবনের নানা স্মৃতি।
এই অনুষ্ঠানে কেবল বিদ্যা সিনহা মিমই নন, নাবিলার অতিথি হয়ে লং ড্রাইভে অংশ নেবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ ও কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা। বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগও যুক্ত রাখা হয়েছে এতে। নির্মিত এই পর্বগুলো খুব শিগগিরই ‘কনটেন্ট স্পেস’-এর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল ওটিটি’-তে দেখা যাবে।