ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও লাঞ্ছনার অভিযোগে আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির আবারও সংবাদের শিরোনামে। তবে এবার কোনো আইনি জটিলতা বা বিতর্ক নয়, বরং জীবনের নতুন এক অধ্যায় শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন এই ইনফ্লুয়েন্সার।

জানা গেছে, বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মনিকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই বিয়ের খবরটি ভক্তদের নিশ্চিত করেন। ভিডিওর ক্যাপশনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আমরা বিয়ে করেছি’।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বেশ ঘরোয়া ও ঘরোয়া পরিবেশে মালা বদল করছেন এই নবদম্পতি। ভিডিওজুড়ে তাদের খুনসুটি আর আনন্দঘন মুহূর্তগুলো নেটিজেনদের নজর কেড়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এই বিয়ের খবরে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ভক্তদের একাংশ যখন নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন, অন্য অংশটি আবার মেতেছেন সমালোচনায়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আইনি জটিলতা এড়াতে বা বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার সহজ পথ হিসেবেই কি এই বিয়ে?

উল্লেখ্য, এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত ও কটূক্তি করার ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মনিকা। সেই ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই রুশ মডেল।