চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি এবং ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন নিয়ে টালিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। চারদিকে যখন তাঁর বিয়ে নিয়ে তুমুল চর্চা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। আর সেই ভিডিওতে দেখা গেছে, মিমির জীবনের সবচেয়ে কাছের ও নির্ভরযোগ্য মানুষটি তাঁর হবু বর, মা কিংবা বাবা নন; বরং অন্য কেউ।

ভক্তদের সঙ্গে নিজের জীবনের সেই বিশেষ মানুষটির পরিচয় করিয়ে দিয়েছেন মিমি নিজে। দীর্ঘ পনেরো বছর ধরে অভিনেত্রীর ছায়াসঙ্গী হিসেবে পাশে রয়েছেন তাঁর বাড়ির পরিচারিকা বুল্টি। সুখের দিনে কিংবা দুঃখের সময়েও নীরবে ও নিঃশব্দে যিনি আগলে রাখেন মিমিকে। সম্প্রতি এক অনুষ্ঠানে বুল্টিকে পাশে দাঁড় করিয়ে আবেগপ্রবণ হয়ে মিমি জানান, হাসপাতালের দিনগুলোতেও বুল্টি তাঁর পাশে থাকে এবং বাবা-মায়ের চেয়েও সে তাঁকে বেশি বোঝে। বুল্টির প্রতি মিমির এমন সম্মান ও ভালোবাসার বিষয়টি নেটিজেনদের নজর কেড়েছে এবং তাঁর এই মানবিক গুণটির মুক্তকণ্ঠ প্রশংসা করেছেন ভক্তরা।