৭৫ হাজার টাকা দামের শাড়ি নিয়ে বিরোধের জেরে মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন মামলা করেছেন ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব উল আলমের আদালতে মামলাটি করেন সানায়া। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, শুনানি শেষে বিচারক তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন সানায়া। তাঁর অভিযোগ ছিল, একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তিশা, কিন্তু পরে সেটি ফেরত দেননি।

মামলাটির তদন্ত শেষে গত ২৫ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন সানায়া।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সানায়ার নারাজি আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি নতুন করে তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দেন। এর পরদিনই তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা করলেন সানায়া।

নতুন মামলায় সানায়ার অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তাঁকে মামলা প্রত্যাহার করতে হুমকি দিয়েছেন তানজিন তিশা। এমনকি পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সানায়ার ভাষ্য, এসব হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি। পরে আদালতের দ্বারস্থ হন সানায়া।

তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।