উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক অনুষ্ঠানে হেনস্তার অভিযোগকে ঘিরে নতুন করে আইনি লড়াইয়ে জড়ালেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। ওই অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রী, যাকে আগে গ্রেপ্তার করা হয়েছিল, জামিনে মুক্ত হয়েই এবার অভিনেত্রীর কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন।

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে পাঠানো নোটিশে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, পারিশ্রমিক হিসেবে দেওয়া ২ লাখ ৬৫ হাজার রুপি ফেরত চাওয়া হয়েছে। আয়োজকের অভিযোগ, মিমির রাত সাড়ে ৯টায় পৌঁছানোর কথা থাকলেও তিনি সাড়ে ১১টায় পৌঁছান এবং সঙ্গে সঙ্গে মঞ্চে ওঠেননি।

দ্বিতীয় দাবি, অভিনেত্রীর দায়ের করা মামলার জেরে তাকে কারাভোগ করতে হয়েছে, যার ফলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে ক্ষমা না চাইলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিশে।

ঘটনাটি গত ২৬ জানুয়ারি রাতে বনগাঁয় একটি অনুষ্ঠানে। মিমির অভিযোগ, আয়োজকদের অপমানজনক আচরণের কারণে তাকে মঞ্চ ছাড়তে হয়। পরে তিনি মামলা করলে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে। তবে অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী।

এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, নিজের সম্মান ও পেশাদারিত্ব বজায় রাখতেই তিনি মঞ্চের পেছনে গাড়িতে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছিলেন, কারণ তখন অন্য এক শিল্পী পরিবেশনা করছিলেন। তার ভাষায়, প্রতিশোধ নয়, বরং জবাবদিহি নিশ্চিত করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন। সীমা টানা না হলে এমন ঘটনা বারবার ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতি থেকে সরে আসার পর অভিনয়ে কিছুটা বিরতি নিলেও ২০২৪ সালে দুটি ছবিতে দেখা গেছে মিমিকে। বাংলাদেশের আলোচিত ছবি তুফান-এ আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। সর্বশেষ মুক্তি পেয়েছে রক্তবীজ টু। সামনে রয়েছে ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং পরিচালক সৃজিত মুখার্জিএম্পেরর ভার্সেস শরৎচন্দ্র, এই দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।