টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগ তুলে মামলা করেছেন অভিনেতা শাহিদ (শুভম)। গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে তিনি এই মামলা দায়ের করেন। পাশাপাশি চারু মার্কেট থানায় লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
শাহিদের দাবি, ২০২১ সালে ব্যক্তিগত সম্পর্কের সূত্রে ‘পাকা দেখা’ ছবির জন্য সোহমকে ৬৮ লাখ রুপি ধার দেন তিনি। ২০২৩ সালে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ায় সেই সময় টাকা ফেরত চাইতে পারেননি। পরে জামিনে মুক্ত হয়ে অর্থ ফেরত চাইলে সোহম দুই দফায় ২৫ লাখ রুপি পরিশোধ করেন। তবে বাকি ৪৩ লাখ রুপি চাইতে গেলে নানা অজুহাত দেওয়া হয় এবং তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শাহিদ।
অন্যদিকে ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি সোহম। তার বক্তব্য, ৬৮ লাখ রুপি ধার নেওয়া হয়েছিল এবং ২৫ লাখ ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। অবশিষ্ট ৪৩ লাখ রুপি পরিশোধের আশ্বাসও দিয়েছেন তিনি। তবে হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তার। সোহম বলেন, কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আটকে আছে, উপরন্তু বাংলা ছবির বাজারও এখন মন্দা। হাতে অর্থ না এলে ঋণ শোধ করা কঠিন বলেই তিনি জানান।
রাজ্যসভা নির্বাচন সামনে রেখে বিষয়টি পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হতে পারে বলেও মনে করছেন সোহম। আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে তিনি জানান, পুরো বিষয়টি তার আইনজীবী দেখছেন এবং প্রয়োজন হলে তিনিও আইনি পদক্ষেপ নেবেন।